ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধে রাজি হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার বাংলাদেশ সময় মধ্যরাতে আল জাজিরার খবরে একথা জানানো হয়েছে।
এর আগে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করে হোয়াইট হাউস। আর তাতে নেতানিয়াহু সম্মতি দেন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
ট্রাম্পের ওই প্রস্তাবে বলা হয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্য চলা সংঘাত দ্রুত বন্ধ করতে হবে এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে জীবিত অথবা মৃত অবস্থায় বন্দীদের মুক্তি দিতে হবে।
ইসরায়েল ও হামাস দুই পক্ষই এতে রাজি হলে শিগগির বন্ধ হবে যুদ্ধ।
এরই মধ্যে নেতানিয়াহু প্রস্তাবে সম্মতি দিয়েছেন, এখন হামাসের আনুষ্ঠানিক বক্তব্যের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব।
পরিকল্পনা অনুযায়ী, জিম্মি বিনিময় শেষ হলে ইসরায়েলে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা ২৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে, জানিয়েছে রয়টার্স।
এই পরিকল্পনা বাস্তবায়ন হলে কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না। তাদের জোর করে অন্য দেশে পাঠানোর কোনো চেষ্টাও করা হবে না।
হামাস যদি এই প্রস্তাব গ্রহণ না করে তাহলে এরপর ইসরায়েলের যেকোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এর আগে গাজায় সংঘাত বন্ধে নতুন এই পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে বৈঠক শুরু করেন মার্কিন ট্রাম্প ও নেতানিয়াহু।
বৈঠক ও মধ্যাহ্নভোজের পর সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প, পাশেই ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।


