গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা পানহাটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই এই পানহাটির নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেই সূত্র ধরে আজ সকালেও দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হলে পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ছোট শিমুলতলা এলাকার পানহাটি সংলগ্ন পলাশবাড়ী-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দুই পক্ষের লোকজন অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়ছে। তাদের হাতে দেশীয় অস্ত্র হাসুয়া ও বাঁশের লাঠি ছিল। এ সময় ‘নারায়ে তাকবির-আল্লাহু আকবার’ ধ্বনি দিতে শোনা যায়। ককটেল বিস্ফোরণের শব্দে মানুষকে দিক-বিদিক ছুটতে দেখা যায়। সংঘর্ষে পানহাটির দুটি গাছ ও কয়েকটি পানের দোকান ভাঙচুর করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, ‘সকালে পানহাটিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’


