গাইবান্ধায় ট্রাককে বাসের ধাক্কা, নিহত ২

গাইবান্ধায় ট্রাককে বাসের ধাক্কা, নিহত ২
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় কাজী লাইন পরিবহনের যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও আটজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জামিল (১৭)। সে রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামের হারুন মিয়ার ছেলে। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী কাজী লাইন নামের নৈশ কোচটি গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে দ্রুত গতিতে পেছন থেকে ধাক্কা দেয় । সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের ডান পাশের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হয়। এসময় বাসের আটজন গুরুতর আহত হন। স্থানীয়রা সবাইকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

বাসের যাত্রী সোনালী বেগম অভিযোগ করে বলেন, ঘন কুয়াশায় সামনে কিছু দেখা যাচ্ছিল না। এরপরও চালক খুব দ্রুত গাড়ি চালাচ্ছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত কাজী লাইন নাইট কোচটি উদ্ধার করে পলাশবাড়ী থানায় নেওয়া হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও যাত্রীবাহী বাসের উচ্চ গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক।

তদন্ত করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad