গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তিনজনের একটি ছিনতাইকারী দল সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টাকালে খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যান।
এ সময় স্থানীয়রা ডাকাত সন্দেহে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। ছিনতাইকারীরা পুকুর থেকে উঠে পালাতে গেলে দুইজন ফের পুকুরে পড়ে যান এবং অন্যজন পালাতে সক্ষম হন।
পরে বিক্ষুব্ধ জনতা তাদের পুকুর থেকে তুলে মারধর শুরু করেন। এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। সেই সঙ্গে তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে।’
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি উল্লেখ করে তিনি জানান, পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে, তারা এলে বিস্তারিত জানা সম্ভব হবে।


