সন্ত্রাস বিরোধী আইনে ঢাকার গুলশান থানায় করা মামলায় ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কায়সার আহাম্মদ (৬০)-সহ দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
কারাগারে পাঠানো অপর আসামি হলেন- খায়রুল খান জুয়েল (৪৬)। তিনি স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মো. জিয়াদুর রহমান রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আসামিকে আদালতের হাজতখানায় এনে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন। অন্যদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামির আইনজীবী শাখাওয়াত উল্যাহ ভূঞা।
এর আগে সোমবার রাতে ডিবি পুলিশের গুলশান জোনাল টিম ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২২ এপ্রিল ঢাকার গুলশান-১ এর গোল চত্বরে ৩০/৩৫ জন ব্যক্তি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করে। আসামিরা দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে স্লোগান দেয়। তারা নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়ে মিছিলে অংশ নিয়ে সন্ত্রাস বিরোধী আইনে অপরাধ করেছে।


