মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরিচাপায় মো. আশরাফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় মানাবে ওয়াটার পার্কের সামনে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফুল মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামমুখী লেনে যাচ্ছিলেন। বাউশিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির লরি তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গাড়িটির চাকায় পিষ্ট হয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
স্থানীয় চা-দোকানি রহিজ উদ্দিন জানান, চোখের পলকে লরিটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে চালক চাকার নিচে পিষ্ট হন।
পরে খবর পেয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরশাদ কবির জানান, দুপুর পৌনে ২টার দিকে পুলিশ ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।
ভবেরচর হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক লরিটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়াসহ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


