খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে এক সাবেক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে খুলনা নগরীর ডাকবাংলা মোড়ে গুলির এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক দল নেতার নাম মাসুম বিল্লাহ (৫৫)। তিনি রূপসা উপজেলা শ্রমিক দলের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃত্বেও ছিলেন।
আটক ব্যক্তির নাম অশোক ঘোষ। পালানোর সময় স্থানীয় লোকজন ও দায়িত্বরত ট্রাফিক পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে মাসুম বিল্লাহ ডাকবাংলা মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ৬ থেকে ৭ জনের একটি দল সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি নিজেকে বাঁচাতে বাটা শোরুমের ভেতরে প্রবেশ করেন। সেখানেও তাকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মাসুম বিল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, ঘটনাটি পরিকল্পিত চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘মাসুম বিল্লাহকে হত্যা করার পরিকল্পনা করেই তারা এসেছিল। গুলি ও ছুরিকাঘাত করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
তিনি জানান, এক ট্রাফিক পরিদর্শক পালিয়ে যাওয়ার সময় অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ দেখতে পান। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।


