বড় রদবদলের ইঙ্গিত দিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। সবচেয়ে চমক – দলে নেই সিনিয়র তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি।
অভিজ্ঞদের বিশ্রামে রেখে দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আগা। সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার শাদাব খানকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এই দল নির্বাচন মূলত এবারের পিএসএল-এ পারফরম্যান্সের ভিত্তিতেই করা হয়েছে। ২৫ মে শেষ হচ্ছে এবারের পিএসএল।
এই সিরিজ দিয়েই পাকিস্তানের নতুন হেড কোচ মাইক হেসনের যাত্রা শুরু হচ্ছে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
প্রথমে পাঁচ ম্যাচের সফর পরিকল্পনা থাকলেও, খেলোয়াড়দের ব্যস্ত সূচি ও আসন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট বিবেচনায় সিরিজ কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে।
বাবর, রিজওয়ান ও শাহিনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে বোঝা যাচ্ছে, পিসিবি ভবিষ্যতের কথা ভেবে তরুণদের ওপর জোর দিচ্ছে। উল্লেখ্য, গত ডিসেম্বরের পর থেকে বাবর-রিজওয়ান কেউই আর টি-টোয়েন্টি খেলেননি।
পাকিস্তান টি-টোয়েন্টি দল (বাংলাদেশের বিপক্ষে):
সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নবাজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব।


