খুলনার হরিনটানায় একটি মসজিদের বারান্দা থেকে স্থানীয় এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন মসজিদে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের নাম ডালিম গাজি। তিনি খুলনার কয়রার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে।
হরিনটানা থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন জয়খালী উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় স্থানীয়রা একটি গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখতে থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মরদেহের পাশেই রক্তাক্ত ইট পরে ছিল। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তা জানা যায়নি।
ঘটনাস্থলে সিআইডি টিম আলামত সংগ্রহের কাজ শেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবে জানিয়ে ওসি জানান, কে বা কারা ওই ব্যক্তিকে মেরেছে তা তদন্ত চলছে।


