খুলনা মহানগরীর খানজাহান আলী থানার যোগীপোল এলাকায় এক বিএনপি নেতার কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিতে এক ব্যক্তি নিহত ও অপর একজন আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান জানান, রাতে যোগীপোল ইউনিয়নের সাবেক সদস্য ও স্থানীয় বিএনপি নেতা মামুন শেখ কুয়েটের আইটি গেটের সামনে তার নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন সন্ত্রাসী এসে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে এবং মামুন শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিতে মামুন শেখ ও ইমদাদুল হক (৫২) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হককে মৃত ঘোষণা করেন। আহত মামুন শেখ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত ইমদাদুল হক ইউসেফ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন এবং আহত মামুন শেখ যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


