খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাইদুর রহমান সাইদ (২৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান পাইকগাছার আছাবুর সরদারের ছেলে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, একটি যাত্রীবাহী বাস পাইগাছা থেকে যাত্রী তুলে খুলনায় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় ঘটনাস্থলেই যাত্রী সাইদুর রহমান নিহত হন।
এ ছাড়া সাত থেকে আট যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


