প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেবিকা ফাতেমা বেগমের অসুস্থ ভাতিজিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢামেকে আসেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়া হাসপাতালে ভর্তি অন্য রোগীদেরও খোঁজ-খবর নেন তিনি।
জানা গেছে, ফাতেমা বেগমের ভাইয়ের মেয়ে সীমা (৩২) বৃহস্পতিবার বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসব করেন। এরপর মা ও শিশু দুজনের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। শুক্রবার তাদের ঢাকায় এনে নবজাতককে শিশু হাসপাতালে ও মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতকাল খবর পেয়েছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী বাচ্চা প্রসব করেছে। প্রসবের পর মায়ের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। আমাদের বিষয়টি জানালে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বাচ্চাটিকে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মায়ের অবস্থা বেশি খারাপ হওয়ায় ঢাকা মেডিকেলের আইসিইউতে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘আমার এলাকার দুজন রোগীও এখানে ভর্তি আছে। তাদের চিকিৎসার বিষয়েও খোঁজ-খবর নিয়েছি।’
মন্ত্রী বলেন, ‘প্রত্যেক মেডিকেলের পরিচালককে আগে থেকেই বলা আছে, যেকোনো রোগী ক্রিটিক্যাল হলে আমাদের জানাতে। যেন সেই রোগীকে ঢাকায় এনে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারি।’
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢামেক পরিচালক মো. আসাদুজ্জামান, উপ পরিচালক আশরাফুল আলম প্রমুখ।


