সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করসহ বিদেশি কূটনীতিকরা ঢাকায় পৌঁছেছেন।
বুধবার বেলা ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তাকে স্বাগত জানান বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকারের পক্ষ থেকে দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন এস. জয়শঙ্কর। এ সময় তারেক রহমানের পাশে ছিলেন তার মেয়ে জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরুসহ শীর্ষ নেতারা।
খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এরইমধ্যে ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক। পরে তিনি খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে সমবেদনা জানান।

ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে তিনি খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাবেন।
বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাথকে ঢাকায় স্বাগত জানিয়েছেন শ্রীলঙ্কার হাইকমিশনের শীর্ষ কর্মকর্তারা।
এর আগে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছান নেপালের পররাষ্ট্রমন্ত্রী শ্রী বালা নন্দ শর্মা।
এ ছাড়া ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের শীর্ষ কর্মকর্তারা খালেদা জিয়ার নামাজে জানাজা ও শেষ শ্রদ্ধায় অংশ নেবেন বলে জানা গেছে।


