ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে ওই নারীকে ভারতের সীমান্তঘেষা এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।
শনিবার সকালে উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রানিপুর (চিরাখালী) গ্রামের কামাল উদ্দিনের দোকানের সামনে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত বুধবার বিকালে ওই নারীকে উত্তর সীমান্ত এলাকা দিয়ে গ্রামে প্রবেশ করতে দেখা যায়। এর পরের কয়েকদিন তিনি বিভিন্ন বাড়ি ও রাস্তার পাশে ঘোরাফেরা করছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেই স্থানীয়দের ধারণা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ূন আহম্মদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তবে, ওই মহিলার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহত নারীর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তে পিবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। রোববার পিবিআইয়ের একটি দল ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করবে।
ময়নাতদন্তের প্রতিবেদন এবং ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের পরই মৃত্যুর প্রকৃত কারণ ও নারীর পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।


