ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং ইরান-ইসরায়েল যুদ্ধে নিহতদের স্মরণে দুই বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা ও কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) আলাদা আয়োজনে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এদিকে ঢাবিতে জানাজার পর বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা ও বিক্ষোভ
রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বর এলাকায় জড়ো হন ডাকসুর নেতাকর্মীরা। রাত ১০টা ৪০ মিনিটের দিকে শুরু হয় গায়েবানা জানাজা। জানাজায় ইমামতি করেন ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম।
জানাজা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের হলপাড়া প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্য প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সাদিক কায়েম জানান, বিশ্বব্যাপী মুসলমানদের ওপর জুলুম, নির্যাতন ও নিপীড়নের পেছনে মুসলিম বিশ্বের বিভাজন বড় কারণ। তিনি মুসলিম বিশ্বের যুবসমাজ ও রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
হাদিস উল্লেখ করে তিনি বলেন, মুসলমানরা একটি দেহের মতো; দেহের এক অঙ্গে আঘাত লাগলে যেমন পুরো শরীর ব্যথা অনুভব করে, তেমনি বিশ্বের কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে তা সবার অনুভব করা উচিত।
এ সময় ঢাকাকে বিশ্বের ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন তিনি। তিনি বলেন, ‘ঢাকা থেকেই মুসলিম বিশ্বের আজাদি আন্দোলনে আমরা নেতৃত্ব দেব, ইনশাআল্লাহ।’ একই সঙ্গে ফিলিস্তিন, কাশ্মীর, উইঘুর, রাখাইন ও ইরানের নিপীড়িত মানুষের মুক্তির প্রসঙ্গ তুলে অন্যায় ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা
এদিকে একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইরানে সাম্প্রতিক হামলায় নিহতদের স্মরণে গায়েবানা নামাজে জানাজা আদায় করা হয়।
‘জাবি আধিপত্যবাদবিরোধী মঞ্চের’ উদ্যোগে আয়োজিত এ জানাজায় ইমামতি করেন জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি। নামাজ শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচির সূচনায় সংগঠনটির আহ্বায়ক আনজুম শাহরিয়ার বলেন, আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারের বিরোধিতা করে আসছে তাদের প্ল্যাটফর্ম। সাম্প্রতিক হামলায় বেসামরিক নাগরিকসহ বহু মানুষের প্রাণহানির ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং নিন্দা জানান।
জানাজা শেষে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, রমজান মাস ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির সময়। এমন সময়ে সহিংসতা ও প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি নিহতদের জন্য ক্ষমা ও শান্তি কামনা করেন এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
এর আগে স্থানীয় সময় শনিবার সকালে ইরানে অতর্কিত হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে ইসরায়েল। এদিন রাতে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম খামেনির মৃত্যু নিশ্চিত করে জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) নিহত হয়েছেন।
এদিকে দেশজুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের একের পর এক যৌথ হামলায় ইরানে অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন বলে বিবিসিকে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট।


