ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ এবং ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও প্রচলিত রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আলী খামেনি নিহত হওয়ার খবর প্রকাশের এক দিন পর সোমবার মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবস্থান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সার্বভৌম দেশের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে হত্যা করা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছে বাংলাদেশ।
এর আগে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। রোববার ইরানের পক্ষ থেকে স্বীকার করা হয়, ওই হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রতিরক্ষা বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো সংকটের সমাধান সংঘাতের মাধ্যমে সম্ভব নয় বলে বাংলাদেশ বিশ্বাস করে। পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং আন্তর্জাতিক আইন মেনে সংলাপই স্থায়ী সমাধানের একমাত্র পথ।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
এর আগে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় নিন্দা জানায়।


