ঢাকা–১২ সংসদীয় আসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার রোল মডেল গড়ে তোলার অঙ্গীকার করেছেন গণসংহতি আন্দোলন (জিএসএ) মনোনীত প্রার্থী তাসলিমা আখতার।
বৃহস্পতিবার ঢাকার তেজকুনিপাড়া ও কলমিলতা মার্কেটসহ হোন্ডাগলি সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচার ও গণসংযোগকালে তিনি বলেন, নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ না থেকে ১২ দফা নির্বাচনী ইশতেহারে এলাকার সংকট সমাধানের স্পষ্ট পথনকশা তুলে ধরা হয়েছে। পাশাপাশি ভোটারদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে ‘সিটিজেন কাউন্সিল’ গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে।
গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন।
গণসংযোগ শেষে তাসলিমা আখতার বলেন, অধিকাংশ রাজনৈতিক দল জুলাই সনদের প্রতিশ্রুতি অনুযায়ী পর্যাপ্ত নারী প্রার্থী মনোনয়ন দেয়নি; কোনো কোনো দল একেবারেই নারী প্রার্থী দেয়নি। এ ক্ষেত্রে গণসংহতি আন্দোলন জুলাই সনদে নির্দেশিত অনুপাতের চেয়েও বেশি হারে নারী প্রার্থী মনোনয়ন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ভোটাররা নারী প্রার্থীদের ভোট দিয়ে জাতীয় সংসদে নারীর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন। শুক্রবার নাখালপাড়া সংলগ্ন এলাকায় তাসলিমা আখতারের নির্বাচনী প্রচারণা ও র্যালি অনুষ্ঠিত হবে।


