বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দাবি আদায়ে আর কারো রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির শফিকুর রহমান।
শনিবার ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) বার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কর্মস্থল ছেড়ে কোন সেক্টরের মানুষকে আর দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে না।
ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত অধিবেশনে জামায়াতের আমির বলেন, ‘সবকিছুর আগে দেশের ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। আধুনিক এবং নৈতিক শিক্ষার সমন্বয়ে প্রকৃত মানুষ গড়ে তোলা সম্ভব। অনেকে না বুঝেই কুরআন ও হাদিসের শিক্ষাকে ভিন্ন দিকে নিতে চায়।’
‘বিগত সরকারের সাড়ে ১৫ বছরে দেশকে বিরোধী দল নির্যাতনের রোল মডেল বানিয়ে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোপূর্বে ‘আয়নাঘরের’ মতো টর্চার সেলের নাম আমরা শুনিনি।’
জামায়াত আমির আরও বলেন, ‘এদেশের তরুণেরা জীবন দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে নতুন বাংলাদেশ পাওয়ার আশায়। আমরা তাদের সে আত্মত্যাগ বৃথা যেতে দিতে পারি না।’


