ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলকে ঘিরে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মালদ্বীপে অবকাশযাপনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
ভিডিওতে দেখা যায়, এক তরুণের সঙ্গে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। কখনো গল্পে মগ্ন, আবার একটি রেস্তোরাঁয় ওই তরুণকে নিজের হাতে খাবার খাইয়েও দিতে দেখা যায় তাকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের প্রশ্ন—কে এই তরুণ এবং তার সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক কী?
অভিনেত্রীর ঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি, ওই তরুণের নাম প্রাচুর্য। তাদের পরিচয় দীর্ঘদিনের এবং সময়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়েছে। সূত্রগুলোর ভাষ্য, এর আগেও তাদের যুক্তরাজ্যে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে।
এছাড়া ঘনিষ্ঠজনদের দাবি, কেয়া পায়েল ও প্রাচুর্য দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। বিষয়টি দুই পরিবারও জানে বলে জানা গেছে। এমনকি ভবিষ্যতে বিয়ের পরিকল্পনা নিয়েও আলোচনা চলছে বলে দাবি করা হলেও, এ বিষয়ে কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
মালদ্বীপের ভিডিও প্রকাশের পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। অনেকেই ধারণা করছেন, দীর্ঘদিনের গুঞ্জনের পর হয়তো এবার নিজের ব্যক্তিজীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে পারেন কেয়া পায়েল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রী বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


