কেপ ভার্দের আরেক চমক, উরুগুয়েকে রুখে দিল ২ গোল করে

কেপ ভার্দের আরেক চমক, উরুগুয়েকে রুখে দিল ২ গোল করে
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দুর্দান্ত ফ্রি-কিকে বিশ্বকাপে দেশের ইতিহাসে প্রথম গোল করলেন কেভিন পিনা। উল্লাসে ফেটে পড়ল কেপ ভার্দ শিবির। সেই ধাক্কা সামলে সাত মিনিটের ব্যবধানে দুই গোল করে ঘুরেও দাঁড়াল উরুগুয়ে। তবে নাটকের তখনও বাকি ছিল। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে, আরেকটি স্মরণীয় পারফরম্যান্সে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের রুখে দিল বিশ্বকাপের ইতিহাসের তৃতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দ।

ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে বাংলাদেশ সময় সোমবার ভোরে ‘এইচ’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। পিছিয়ে পড়ে প্রথমার্ধেই মাক্সি আরাউহো উরুগুয়েকে সমতায় ফেরানোর পর দলকে এগিয়ে নিয়েছিলেন আউতি কানোবিও। তবে দ্বিতীয়োর্ধে বদলি নেমে কেপ ভার্দকে সমতায় ফেরান এলিও ভ্যারেলা।

বিশ্বকাপের অভিষেক আসরে প্রথম দুই ম্যাচেই অপরাজিত রইল চার হাজার বর্গকিলোমিটার আয়তন আর মাত্র পাঁচ লাখ ৯৩ হাজার জনসংখ্যার এই দেশটি। প্রথম ম্যাচে ৪০ বছর বয়সী গোলরক্ষক ভজিনিয়ার অবিশ্বাস্য পারফরম্যান্সে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। এবার উরুগুয়েকেও রুখে দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের আগমনী বার্তা জোরেশোরেই দিল দলটি।

আপাতত দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে স্পেন। ২ পয়েন্ট করে নিয়ে উরুগুয়ে দুইয়ে ও কেপ ভার্দ তিনে অবস্থান করছে। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।

ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখেও উরুগুয়ে গোলের জন্য ১৭টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে কেপ ভার্দের ১২টি শটের মধ্যে চারটিই ছিল লক্ষ্যে।

আরও পড়ুন

শুরু থেকে উরুগুয়ে বল দখলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারছিল না। উল্টো ২৩তম মিনিটে চমক জাগিয়ে এগিয়ে যায় কেপ ভার্দ। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে রক্ষণ দেয়ালের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন কেভিন পিনা। এবারের বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিকে এটি দ্বিতীয় গোল।

গোলের জন্য ৯টি লক্ষ্যভ্রষ্ট শটের পর ৪৪তম মিনিটে প্রথম অন-টার্গেট শট পায় উরুগুয়ে এবং তা থেকেই সমতা ফেরায় তারা। প্রতিপক্ষের ক্রস ক্লিয়ার করার জন্য বক্সে লাফিয়ে ওঠেন কেপ ভার্দের ডিফেন্ডার লোপেস কাব্রাল, তবে তাঁর হেড নিজেদের পোস্টে লেগে ফিরে আসে। কাছেই থাকা মাক্সি আরাউহো ডাইভিং হেডে ফাঁকা জালে বল পাঠান।

সেই রেশ কাটতে না কাটতেই প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় উরুগুয়ে। মানুয়েল উগার্তের ক্রসে আরাউহোর হেড পাস থেকে ছয় গজ বক্সের বাইরে থেকে চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন আউতি কানোবিও।

তবে ৬১তম মিনিটে উরুগুয়ের নিজেদের ভুলেই ম্যাচে ফেরে কেপ ভার্দ। ডিফেন্ডার মাতিয়াস অলিভেরার দুর্বল ব্যাক-পাস ক্লিয়ার করার জন্য বক্সের অনেকটা বাইরে বেরিয়ে আসেন উরুগুয়ের গোলরক্ষক। কিন্তু তার সামনে থেকে ছোঁ মেরে বল কেড়ে নিয়ে দূরপাল্লার শটে ফাঁকা জালে পাঠান মিনিট তিনেক আগে বদলি নামা এলিও ভ্যারেলা। স্কোরলাইন দাঁড়ায় ২-২।

একটু পর উরুগুয়ে আরেকবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে বেন্তানকুরের একটি জোরালো শট ডিফেন্সে প্রতিহত হলে আর জয়সূচক গোল পাওয়া হয়নি উরুগুয়ের।

শেষ রাউন্ডে আগামী শনিবার সকালে উরুগুয়ে খেলবে স্পেনের বিপক্ষে, আর একই সময়ে সৌদি আরবের মুখোমুখি হবে কেপ ভার্দ। দুই ম্যাচ থেকে ২ পয়েন্ট পাওয়া কেপ ভার্দের সামনে এখন ইতিহাস গড়ে নকআউট পর্বে যাওয়ার ভালো সুযোগ রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad