কানাডার ক্যালগেরিতে বাংলাদেশি কমিউনিটির শিশু-কিশোরদের বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে ‘ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি (বিসিএওসি) এবং ক্যালগেরি বাংলা স্কুলের যৌথ আয়োজনে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিস হক। তিনি তার বক্তব্যে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইকবাল রহমান। তিনি বলেন, ক্যালগেরি বাংলা স্কুল প্রজন্মের পর প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখতে এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ হোসেন ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, বাংলা স্কুলটি কমিউনিটির অন্যতম সফল উদ্যোগে পরিণত হয়েছে। শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কারণে এ সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্যালগেরি বাংলা স্কুলের অধ্যক্ষ মো. আসজাদ হোসাইন, শিক্ষিকা মুনিয়া রহমান এবং বিসিএওসির আইটি সম্পাদক সুলতানুল ইসলাম। এছাড়া স্কুলের সাবেক অধ্যক্ষ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরাও বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র প্রদান। এ ছাড়া শিক্ষার্থীরা বাংলা ভাষা ও সংস্কৃতিভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
সমাপনী বক্তব্যে শিক্ষা সম্পাদক ড. দেলোয়ার হোসাইন অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী শিক্ষক, স্বেচ্ছাসেবক, অভিভাবক ও কমিউনিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই ক্যালগেরি বাংলা স্কুলের মূল লক্ষ্য।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা সম্প্রসারণে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।


