পারিবারিক সফরে ভারতে অবস্থান করছেন জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তার এ সফরে ভারতে অবস্থান করা দলের নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে কলকাতায় যাওবার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ার সম্ভবনাই বেশি।
মায়ের সঙ্গে ঈদ উদযাপন করতে ৬ জুন যুক্তরাষ্ট্র থেকে ভারত পৌঁছান জয়। তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা যাচ্ছিল, ভারত সফরে সজীব ওয়াজেদ জয় কলকাতায় যেতে পারেন। কারণ, কলকাতা ও তার আশপাশের অঞ্চলে আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ঘনিষ্ঠ অনেক ব্যবসায়ী, সাবেক পুলিশ কর্মকর্তা ও আইনজীবীরা অবস্থান করছেন। তাই কলকাতায় গিয়ে তাদের সঙ্গে দেখা করতে পারেন জয়-এ রকমটা বলা হচ্ছিল।
পারিবারিক এবং সংক্ষিপ্ত সফর বিবেচনায় তার এবার কলকাতা যাওয়া হচ্ছে না বলে জানা গেছে।
ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, জয়ের এ সফর যতটা না রাজনৈতিক, তার থেকেও বেশি পারিবারিক। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট পাওয়ার প্রাথমিকভাবে মাস কয়েক পরে সজীব ওয়াজেদ জয়ের ভারতে যাবার কথা ছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে সবুজসংকেত দিয়েছিল। তবে সেই সফর এগিয়ে এনে ৬ জুন দিল্লিতে যান সজীব ওয়াজেদ জয়।
ভারত পৌঁছানোর পর জয়কে ভিভিআইপিদের যেভাবে পাইলট কারসহ সামরিক পোশাক পরিহিত নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে নিয়ে যাওয়া হয়, ঠিক সেভাবে তাকে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি। তবে কড়া নিরাপত্তা ছিল, আর পুরোটাই করা হয়েছে অত্যন্ত গোপনে।
শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের কর্মস্থল দিল্লি। শেখ রেহানাও রয়েছেন শেখ হাসিনার সঙ্গে। সেই সুবাদে মা-বোন-ফুফু’র সঙ্গে এবারের ঈদ উদযাপন করেছেন তিনি।
সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে ফেরার বিষয়ে নিশ্চিত কোন দিনক্ষণ জানা যায়নি। তবে বলা হচ্ছে দীর্ঘসময় ভারত অবস্থান করার পরিকল্পনা নেই তার। আগামি কয়েকদিনের মধ্যে হয়তো তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যেতে পারেন।


