আগামী এক বছরে কৃষিপণ্যের আমদানি কমিয়ে আনার পাশাপাশি রপ্তানি বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। এ বিষয়ে তিনি সরকারের পরিকল্পনার কথা জানান।
বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে একথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী এক বছরে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কৃষিপণ্য রপ্তানি করা হবে।’
তিনি বলেন, ‘কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড। দেশের বেশিরভাগ জনগোষ্ঠী এ খাতের সঙ্গে জড়িত। সঠিক পরিকল্পনার মাধ্যমে কৃষি খাতকে ঢেলে সাজানো হবে। দেশের অর্থনীতি শক্তিশালী করতে কৃষিকে প্রাধান্য দিতে হবে।’ এ সময় তিনি দেশের কৃষিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘কৃষি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টরের সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’
এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ হতে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


