কৃত্রিম সংকট সৃষ্টি: চট্টগ্রামে ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

কৃত্রিম সংকট সৃষ্টি: চট্টগ্রামে ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সোমবার নগরের বন্দর এলাকায় | ছবি: টাইমস
Advertisement
Advertisement

নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ এবং পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে চট্টগ্রাম নগরের একটি ফিলিং স্টেশনকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার নগরের বন্দর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগের ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) মো. নাসির উদ্দিন এবং মেট্রোলজি পরিদর্শক সাঈদ আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।

বিএসটিআই সূত্র জানা গেছে, মেসার্স আনোয়ারা জাকারিয়া ফিলিং স্টেশনের ডিজেল ডিসপেন্সিং ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা অনুযায়ী মামলা করে ৪৬ ধারা অনুসারে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, পর্যাপ্ত তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তার অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad