কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে তিনি মারা যান। কারাগারের বাথরুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।
কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দুই মাস আগে তিনি কারাগারে আসেন। শনিবার ভোরের দিকের কোনো এক সময়ে তিনি বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’


