কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার রাত সোয়া ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ পালপাড়া কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ বলেন, ‘মন্দিরে কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। এই সুযোগে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে।’
দুর্গাপূজা সামনে রেখে প্রতিমার মাটির কাজ শেষ হয়েছে। সোমবার থেকে প্রতিমায় রংয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। অমরেশ ঘোষ বলেন, ‘টিনশেড দেওয়া অস্থায়ী মন্দিরটি প্রতি রাতে পাহারা দেওয়া হয়। তারপরও লোডশেডিংয়ের পর মন্দিরে গিয়ে দেখতে পাই প্রতিমা ভাঙচুর করা হয়েছে।’

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুদীপ্ত সরকার। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান জানিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, পরে ঘটনার বিস্তারিত বলতে পারবেন।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার জানান, এ ঘটনায় তদন্ত চলছে।


