নির্বাচনী দায়িত্বরত পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে মো. অনিক হোসেন (২৮) নামে এক যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানাও করা হয়। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া-২ আসনের মিরপুর উপজেলার পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনিক হোসেন ভোটকেন্দ্রে প্রবেশ করে নিজের ভোট দেন। এরপরও তিনি কেন্দ্রের ভেতরে অবস্থান করছিলেন। সেখানে দায়িত্বরত এক পুলিশ সদস্য তাকে কেন্দ্র থেকে সরে যেতে বললে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই যুবক।
দায়িত্বরত পুলিশ সদস্যকে ‘দুই টাকার পুলিশ’ বলে সম্বোধন করে গালাগাল করতে থাকেন তিনি। এর পরপরই তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, ভোটকেন্দ্রের ভেতরে পুলিশের সঙ্গে অসদাচরণের দায়ে অনিক হোসেনকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।


