কিশোরগঞ্জ-৫ আসন অর্থাৎ বাজিতপুর-নিকলী এলাকার স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের তিন কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সকালে ভোটগ্রহণ চলাকালে বাজিতপুর উপজেলার হালিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত তিনজন হলেন–হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামের হাসান মিয়া (৫৮), তার ছেলে নাঈম হোসেন (২৮) ও আব্দুল কাইউম (৬২)।
আহতদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের অভিযোগ, বিএনপির প্রার্থীর প্রধান কর্মী ও হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়ার কর্মীরা স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন এবং কুপিয়ে মারাত্মক জখম করেন।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
তবে এ বিষয় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানান তিনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।


