কুষ্টিয়ার খোকসার মাঠে ধানের আঁটি গোছানোর সময় বজ্রপাতে হজরত আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় অপর এক স্কুলছাত্রীসহ তিনজন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামে হজরত আলী আহত হন। টের পেয়ে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত কৃষক একই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে। একই সময় বজ্রপাতে শিমুলিয়া ইউনিয়নের কালিশংকরপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তরা (১০), বিলজানি গ্রামের আনিস মোল্লার স্ত্রী গৃহবধূ ডলি খাতুন (২০) ও খোকসা ও পাংশার সীমান্তবর্তী হলুদবাড়িয়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী গৃহবধূ সোমা পারভিন (২৫) গুরুতর আহত হন। তাদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত কৃষকের ভাতিজা বাপ্পী জানান, বিকালে মেঘ দেখে তার চাচা আলী মাঠে কেটে রাখা ধানের আঁটি গুছিয়ে রাখতে যান। বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আলী জ্ঞান হারিয়ে মাঠে পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহত কৃষকের দুটি শিশু সন্তান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আকতার রিমা বলেন, হাসপাতালে আনার অনেক আগেই কৃষকের মৃত্যু হয়েছে।


