পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের তোড়ে ৩টি মাছধরা ট্রলার ডুবে গেছে। এতে অন্তত ১৩ জন জেলে নিখোঁজ ও ৫টি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রাজু আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন।
সমিতি সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চর বিজয়সংলগ্ন সাগরে ছয়জন জেলেসহ একটি ছোট ট্রলার ডুবে যায়। মালিক মাসুদ মাঝি উদ্ধার হলেও পাঁচজন জেলে নিখোঁজ।
এর আগে, মঙ্গলবার বিকালে গভীর সাগরে ১৮ জন জেলেসহ ফকিরহাটের ‘এফবি মহিমা’ নামের ট্রলারটি ডুবে যায়। বুধবার দুপুরে অন্য ট্রলার ১৬ জনকে উদ্ধার করলেও দুইজন এখনো নিখোঁজ। উদ্ধার জেলের মধ্যে চারজন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এরও আগে গত রবিবার গভীর সাগরে ১১ জন জেলেসহ গলাচিপার ইমাদুলের একটি ট্রলার ডুবে যায়।পাঁচজন উদ্ধার হলেও ছয়জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
সৈকতে অজ্ঞাত জেলের মরদেহ
এদিকে কুয়াকাটার গঙ্গামতি সৈকত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মঙ্গলবার বিকালে স্থানীয়রা সাগরে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন জানান, ‘কাজের উদ্দেশ্যে বের হয়ে দুর্গন্ধ পাই। তাকিয়ে দেখি সমুদ্র থেকে একটি মরদেহ ভেসে আসছে। তখন পুলিশকে খবর দেই।’
পুলিশ জানায়, মরদেহে পচন ধরেছে। তার পরনে কালো প্যান্ট ও গেঞ্জি ছিল। গেঞ্জিতে ‘বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগর’ লেখা রয়েছে।
কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে এটি গভীর সমুদ্রে যাওয়া কোনো জেলের মরদেহ বলে ধারণা করা হচ্ছে। ‘পরিচয় শনাক্ত করা গেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান চলছে।


