ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সম্মিলিত প্রচেষ্টায় স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।
বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
দরবারে উপস্থিত হয়ে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে দরবার হস্তান্তর করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক প্রশিক্ষণ পরিকল্পনা ও উন্নয়ন লে কর্নেল এম এ আজাদ আনোয়ার।
দরবার গ্রহণকালে মহাপরিচালক দায়িত্ব পালনকালে গৃহীত পদক্ষেপ ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও অপারেশনাল কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।
সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টায় অপারেশনাল কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে উল্লেখ করে তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানান।
একই সঙ্গে বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সংশ্লিষ্ট নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি।
দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতামত শোনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন মহাপরিচালক।
দরবার শেষে সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে শিশু উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ছয়জনকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা হিসেবে প্রত্যেককে সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া এবং নগদ অর্থ দেওয়া হয়।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে দরবার অনুষ্ঠানে যুক্ত হন।


