পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালট সহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবু’কে (৪৮) আটক করে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাবু নমুনা ব্যালট নিয়ে ভোটকেন্দ্রের সামনে ভোটারদের কাছে এনসিপি প্রার্থী সারজিস আলমের জন্য ভোট চাইছিলেন।
সকাল ১০টার দিকে আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের গেটের সামনে থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরিয়ে দেন বিএনপি নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ এই আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া সুকুমার দাসের বাড়ি উপজেলার তোড়িয়া ইউনিয়নের ফকিরগঞ্জ বাজার খ্রিস্টান পাড়া এলাকায়। তিনি ওই এলাকার বিমল দাসের ছেলে। সুকুমার বাবু অভিযান নিউজ টিভি নামে এক প্রতিষ্ঠানের সাংবাদিক বলে জানা গেছে।


