কুমিল্লায় ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি তিনি আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেছেন।
রোববার দুপুরে কুমিল্লা সেনানিবাসসংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান আনুষ্ঠানিকভাবে এসব কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, আর্মি মেডিকেল কলেজ ও নির্মাণাধীন হাসপাতাল দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জানা গেছে, কুমিল্লা সেনানিবাসের এরিয়া সদর দপ্তরের ৫ একর জমির ওপর ২০১৫ সালের ১১ জানুয়ারি আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে ৭.০৭ একর জমির ওপর কলেজটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়েছে, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ।
বর্তমানে কলেজটিতে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ-বিদেশে কর্মরত। আগামী শিক্ষাবর্ষ থেকে স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুটেন্ট জেনারেল, জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়াসহ সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তিরা, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।


