কুমিল্লায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী জানান, রোববার ভোরে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ২৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরও ১৫ জনকে আটক করা হয়।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘ভোর ৬টার দিকে কুমিল্লা মহানগরীর টমছম ব্রিজ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।’

পরে পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে মিছিলে অংশ নিতে আসা ওই নেতাকর্মীদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ব্যানার, লাঠি ও লাইটার জব্দ করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, ‘কুমিল্লা সদর দক্ষিণ, দাউদকান্দি, মুরাদনগর, ভাঙ্গুরা, দেবিদ্বার ও চান্দিনা থেকে একজন করে, নাঙ্গলকোটে দুই জন, কুমিল্লা নগরীতে ২৯ এবং জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৭ জনসহ মোট ৪৪ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে দুপুরে আদালতের মাধ্যমে সবাইকে কুমিল্লা কারাগারে পাঠানো হবে।’


