কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক দিনে পাঁচটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এসব ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কানড়া মাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। চাঁদপুরের বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
নিহতরা হলেন-দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের বারেক (৪২) ও একই এলাকার মোস্তফা (৪০)।
এ ছাড়া কুমিল্লার চান্দিনায় মহাসড়ক পারাপারের সময় লরিচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে চান্দিনা কাঠের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম ইবনে তাইম। সে চান্দিনা পৌরসভার রাড়িরচর এলাকার বাবুল মিয়ার বড় ছেলে এবং বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
পাশাপাশি মহাসড়কের বুড়িচংয়ে নিমসার বাজার এলাকায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই দুই পরিবহনের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন-নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মোহাম্মদ জহিরুল ইসলাম মইন (৪০) এবং মেহেরপুর জেলার কেশবপুর গ্রামের মো. সোহেল রানা (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়ারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দিন।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম হাজেরা বেগম (৭০)। তিনি চৌদ্দগ্রাম পৌর এলাকার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে ভোরে উপজেলার পদুয়া এলাকায় ট্রাক মেরামতের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় আরও একজন নিহত হন। নিহত বক্তি ওমর ফারুক (৩৯)। তার বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।
কুমিল্লা হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান বলেন, ‘কুমিল্লায় মহাসড়কের দুর্ঘটনার কারণ অনেকগুলো। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অনেক চালকই গতিসীমা মানেন না। এ ছাড়া এই সড়কে বিভিন্ন রেঞ্জের গাড়ি একসঙ্গে চলায় বড় সমস্যা তৈরি হয়। কুমিল্লায় সড়কে আইনশৃঙ্খলা মানার প্রবণতাও কম। আমাদের টিম সবসময় সড়কে থাকে এবং আমরা চেষ্টা করি সবাইকে আইনশৃঙ্খলার মধ্যে রাখতে।’


