কুমিল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী মোহাম্মদ জিয়াউদ্দিন নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি মৃতের ভাসুর মোহাম্মদ মহিউদ্দিন মাসুম ও তার স্ত্রী শাহনাজ বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ জিয়াউদ্দিন নাসির আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের পহেলা সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় আসামি মোহাম্মদ জিয়াউদ্দিন নাসিরের ঘরে তার স্ত্রী আয়শা আক্তার রীমার (২৪) রহস্যজনক মৃত্যু হয়। রীমা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনার পর আসামিপক্ষ দাবি করেন, রীমা পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন। পরে ভুক্তভোগির বাবা মোহাম্মদ বাহার মিয়া বাদী হয়ে রীমার স্বামী নাসির, ভাসুর মাসুম ও জা শাহনাজের বিরুদ্ধে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচারকালে প্রমাণিত হয় এটি আত্মহত্যা নয়, বরং একটি হত্যাকাণ্ড। এ সময় আসামি নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছে। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।


