কিশোরগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. ইউসুফ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে বৌলাই-যশোদল বাইপাস সড়কের রবিউল আউয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মো.ওসমানের ছেলে।
ইউসুফের বাবা মো. ওসমান জানান, কাজ শেষে ইউসুফ তার সামনে দিয়েই হেঁটে যাচ্ছিল। বাড়ির কাছাকাছি বাইপাস সড়কে উঠতেই একটি বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশা এসে তাকে চাপা দেয়।
কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বী জানান, দুপুরের পর ইউসুফ তার বাবার সঙ্গে বাড়ির পাশের একটি জমিতে যায়, যেখানে তার বাবা ধান ভাঙার কাজে ব্যস্ত ছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা বৌলাই-যশোদল বাইপাস সড়কের আমাটি শিবপুর এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা ইউসুফকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।


