প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে কানাডার সাস্কাটুনের ব্যাথেলহ্যাম ক্যাথলিক স্কুলে বসন্ত বরণ এবং পিঠা মেলা সম্পন্ন হয়েছে। মেলায় এবারের স্লোগান ছিল ‘শিকড়ের গান প্রজন্মের টান, একসাথে গাই বসন্তের গান’।
কানাডায় বাঙালি সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলনমেলা। মেলায় ছিল রঙ-বেরঙের বাহারী শাড়ী, বাংলার ঐতিহ্যময় খাবারসহ আকর্ষণীয় বিভিন্ন ধরণের স্টল। উৎসবের মূল আকর্ষণ ছিল যাত্রা।
কর্মময় একঘেঁয়ে জীবন থেকে বেরিয়ে প্রবাসী বাঙ্গালীরা এ আনন্দ উৎসবে মেতে ওঠে। মাঝরাত অবধি চলে অনুষ্ঠান। নারী পুরুষ আর শিশু-কিশোরদের পদচারণায় মেলা প্রাঙ্গণ পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে।
বাঙ্গালীর চিরাচরিত আড্ডা, মুখরিত গানের সুর, কবিতার ছন্দ, নাচের মুদ্রা, আর স্বচ্ছন্দ উপস্থাপনায় উৎসবে কোথাও কোনো ছন্দপতন নেই।
বসন্ত শুধু ঋতু রঙের উৎসব, গানের ডাক, আর মানুষের মিলনের উপলক্ষ। আর সেই বসন্তের আনন্দ মেলায় আপন জনকে ছেড়ে থাকার বিষাদ ভুলে আনন্দ ভাগ করে নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
নুরুল হুদা পলাশ সাস্কাটুনের প্রবাসী বাংলাদেশিদের এবং স্পন্সরসহ অনুষ্ঠান সফল করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই উৎসবের মধ্য দিয়ে আমরা আমাদের নতুন প্রজন্মের মাঝে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি।’
‘দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশ আমাদের হৃদয়ে। বিদেশের মাটিতেও আমরা আমাদের প্রতিটি উৎসব এভাবেই তুলে ধরতে চাই,’ যোগ করেন তিনি।
প্রবাসে এমন আয়োজন মাতৃভূমি এবং বাঙালির সাংস্কৃতিক চর্চার ধারাকে আরো সমৃদ্ধ করবে বলেই আশা আয়োজকদের।


