আলোচিত ছাগলকাণ্ডে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান এবং সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে আদালতের কাঠগড়ায় পাশাপাশি বসে গল্প করতে দেখা যায়।
বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হলে এই দৃশ্য দেখা যায়।
এ সময় মতিউর রহমান আইনজীবীদের সঙ্গে কথা বলেন, পরে কাঠগড়ায় রাখা বেঞ্চে বসে ইমরান হোসেনের সঙ্গে আলাপ চালিয়ে যান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় ইমরানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে সংস্থাটি। শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আবেদন মঞ্জুর করেন। অন্যদিকে, মতিউর রহমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিমান্ড আবেদন করা হলে তার জামিন নামঞ্জুর করেন বিচারক।
দুদকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর সংস্থার উপপরিচালক মো. আনোয়ার হোসেন মতিউরের বিরুদ্ধে মামলা করেন।
অভিযোগে বলা হয়, তিনি ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার সম্পদ অর্জন করেছেন। এ মামলায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়।
এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি গোয়েন্দা পুলিশ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ লাকীকে গ্রেপ্তার করে। একইভাবে গত ৩ মার্চ দুপুরে সিআইডি অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে।


