বিদ্যুৎ বিভ্রাটের কারণে নেসকো কর্মকর্তাদের ‘কলিজা ছিঁড়ে’ নেওয়ার বিষয়ে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেছেন, ক্ষোভ ঝাড়তে গিয়ে এমন বক্তব্য দিয়েছেন। তবে সেটি তার উচিত হয়নি বলেও স্বীকার করেছেন।
সারজিস বলেন, ‘ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি বলে মনে করি।’
রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি।
এর আগে শনিবার রাতে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন?’
‘এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’
তার এই বক্তব্য নিয়ে যখন উঠেছে সমালোচনার ঝড় তখনই ফেসবুকে ব্যাখ্যা দিয়ে পোস্ট দিলেন সারজিস।
সেখানে তিনি লেখেন, ‘বিগত এক মাসে পঞ্চগড় জেলায় এনসিপি ৩টি প্রোগ্রাম আয়োজন করেছে। প্রতিটি প্রোগ্রামে যখন আমি বক্তব্য দেওয়া শুরু করি তার এক দুই মিনিট পরে বিদ্যুৎ চলে যায়। প্রথমবার যখন হয়েছিল কিছু বলিনি। মনে হয়েছিল এটা হতেই পারে। দ্বিতীয়বার যখন একই ঘটনা ঘটে তখনও কিছু বলিনি কিন্তু তাদের ইনটেনশন নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। গতকাল আবার একই ঘটনা।’
‘প্রোগ্রামের আগে-পরে নয়, অন্য কারো বক্তব্যের সময় নয়। ঠিক আমি যখন কথা বলা শুরু করি তখন আবার বিদ্যুৎ চলে যায়। কথা বলা শেষ হলে বিদ্যুৎ চলে আসে। সকল মিডিয়া এটার সাক্ষী।’
তিনটি প্রোগ্রাম তিন দিন আলাদা সময়ে হওয়ার পরেও যখন একই ঘটনা ঘটে তখন সারজিসের মনে হয় এটি উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, ‘জেলা পর্যায়ে বিভিন্ন সেক্টরের কিছু কর্মকর্তা এই ধরনের ছোটলোকি কিংবা অন্য দলের দালালিমূলক আচরণ করে থাকে। একজনকে ডিস্টার্ব করতে পারলে তাদের রাজনৈতিক সফলতা মনে করে।’
‘প্রত্যেকবারই প্রোগ্রামের আগে তাদেরকে প্রোগ্রাম সম্পর্কে বলে রাখা হয়। প্রোগ্রামের পরেও ভদ্র ভাষায় বলা হয়েছে। কিন্তু তারপরও যখন একই চিত্র দেখা যায় তখন তাদের সাথে সুশীলতা প্রদর্শন করা প্রয়োজন মনে করিনা।’
‘তবে ক্ষোভ ঝাড়তে গিয়ে যে উপমা ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি বলে মনে করি।’


