রাজধানীর কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) গত মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ রয়েছেন। দুই দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান পায়নি পুলিশ। সর্বশেষ তার অবস্থান পুরান ঢাকার চকবাজার এলাকায় শনাক্ত করা গেলেও বর্তমানে তার ব্যক্তিগত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাকিবুল হাসান নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ।
কলাবাগান থানা পুলিশ জানিয়েছে, রাত পৌনে ৮টার দিকে তিনি ডিউটির কথা বলে ব্যারাক থেকে বের হয়েছিলেন, কিন্তু আর ফিরে আসেননি।
নিখোঁজ রাকিবুলের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। এক মাস আগে তিনি কলাবাগান থানায় যোগ দিয়েছিলেন। এর আগে তিনি কাস্টমস বিভাগে কর্মরত ছিলেন।
এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তাকে উদ্ধারে কাজ চলছে।
তিনি আরও জানান, নিখোঁজ রাকিবুলের স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। তবে এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাকিবুলের সন্ধান পেতে ইতোমধ্যে দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে পুলিশ।


