ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেল ‘শিখা ইন’-এ আগুনের ঘটনায় আবু জাফর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের হোটেলটি তার নামেই ইজারা (লিজ) নেওয়া হয়েছিল বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষ।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, বুধবার রাতেই তাকে আটক করা হয়। তবে এখনো ওই হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের খোঁজ মেলেনি।
প্রতিবেদন অনুযায়ী, আবু জাফর উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকার বাসিন্দা। তাকে এন্টালি মার্কেট এলাকা থেকে আটক করে লালবাজার পুলিশের গোয়েন্দা বিভাগ। পড়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
আগুনের ঘটনায় আরও দুজনকে আটকের তথ্য দিয়েছে কলকাতা পুলিশ। তবে তাদের নাম-পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে শিখা ইনের পাশের হোটেল ‘যাপন’-এর এক কর্মী আছেন। মির্জা গালিব স্ট্রিটের যে হোটেলে আগুন লেগেছিল, তার কাছেই হোটেল ‘যাপন’ এবং এই হোটেলটির মালিকও বীরেশ্বর মিত্র।
এদিকে অগ্নিকাণ্ডের পরে মির্জা গালিব স্ট্রিটের নয়টি হোটেল এবং চারটি রেস্তরাঁকে ‘আগুন সুরক্ষাবিধি’ না মানার অভিযোগে শোকজ দিয়েছে ভারতীয় ফায়ার ডিপার্টমেন্ট। জবাব দেওয়ার জন্য তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাত ২টার দিকে মির্জা গালিব স্ট্রিটের একটি পাঁচতলা ভবনে আগুন লাগে। ওই ভবনের তিনতলায় হোটেল ‘শিখা ইন’-এর অবস্থান। আগুনে প্রাণ হারান নয়জন। তাদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক ও বাকি দুজন ভারতীয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


