রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আনসার–ভিডিপি। শনিবার ৫০০ কম্বল বিতরণের মাধ্যমে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
আনসার–ভিডিপির উপমহাপরিচালক (অপারেশন্স) সাইফুল্লাহ রাসেল গুলশান টিএন্ডটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ক্ষতিগ্রস্তদের হাতে কম্বল তুলে দেন।
তিনি বলেন, ‘শীতের তীব্রতা ও অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো মানুষের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই আজকের এই কম্বল বিতরণ কর্মসূচি। আমরা বিশ্বাস করি, এমন মানবিক উদ্যোগ সমাজে সহযোগিতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।’
এর আগে ২৮ নভেম্বর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় কড়াইল বস্তির ভেতরে একটি জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু করা হয়। ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনী সেবাকেন্দ্রটির কার্যক্রম উদ্বোধন করেন এবং সার্বিক তত্ত্বাবধান করছেন।
সেবাকেন্দ্রটি শুক্রবার থেকে প্রতিদিন দুই বেলা প্রায় দুই হাজার মানুষের জন্য পাঁচ দিনব্যাপী খাবার বিতরণ করছে। এতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাৎক্ষণিক খাদ্য সহায়তা পাচ্ছে।
মানবিক সহায়তার ধারাবাহিকতা নিয়ে মহাপরিচালক আরও বলেন, ‘প্রতিটি শীতে বহু পরিবার পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কষ্টে থাকে। সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কম্বল বিতরণ তাদের জীবনে সামান্য হলেও স্বস্তি এনে দিক—এটাই আমাদের প্রত্যাশা।’
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, মানুষের দুঃসময়েই পাশে থাকা তাদের স্থায়ী অঙ্গীকার। ভবিষ্যতেও যেকোনো সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সেবা অব্যাহত থাকবে।


