বেশ কঠোর গোপনীয়তায় শুটিং শুরু করেছেন পরিচালক সাইফ চন্দন। অভিনয়শিল্পী আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম। অ্যাকশন ঘরানার ছবিটি তৈরি করা হচ্ছে আগামী ঈদুল ফিতরের জন্য। যদিও এ ব্যাপারে মুখ খুলেননি পরিচালক কিংবা শিল্পী।
এ ছবির মাধ্যমে চার বছর পর আবারও পর্দায় জুটি হচ্ছেন শুভ ও মীম। তাদের সবশেষ দেখা গিয়েছিল গোলাম সোহরাব দোদুলের ‘সাপলুডু’-তে।
পরিচালক চন্দনের সপ্তম ছবি এটি। কয়েক সপ্তাহ ধরে রাজশাহী, নাটোরের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে। চন্দন শুধু বলেন, ‘সময় হলে সব জানানো হবে।’
তবে টাইমস অব বাংলাদেশ জানতে পেরেছে, প্রথম দফার শুটিং হয়েছে রাজশাহীর পবা এলাকায়। এখন চলছে নাটোরে। জানা গেছে পুরোদস্তুর অ্যাকশন ঘরানার ছবিটির মিম টানা ছয় সপ্তাহ মার্শাল আর্ট, মুভমেন্ট এবং অ্যাকশন কোরিওগ্রাফি প্রশিক্ষণ নিয়েছেন। শুভও তার চরিত্র অনুযায়ী ফিটনেসের জন্য আলাদা প্রস্তুতি নিয়েছেন।
ছবিটির নাম এখনো ঠিক হয়নি। তবে মালিক ও শিকার—এই দুটি নাম আলোচনায় আছে। ডিসেম্বরের মধ্যে বিদেশে একটি আইটেম গান শুট করার পরিকল্পনা আছে, এরপর হবে শেষ পর্যায়ের কাজ ও ডাবিং।
শুভ ও মিমের ক্যারিয়ার প্রেক্ষাপটে সময়টাও বেশ গুরুত্বপূর্ণ। শুভর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি নীলচক্র। তার অভিনীত ‘নূর’ ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে মুক্তি পাচ্ছে ডিসেম্বরে। রায়হান রাফি পরিচালিত ছবিটিতে তার বিপরীতে জান্নাতুল ফেরদৌস ঐশী। নুসরাত ফারিয়ার সঙ্গে আনম বিশ্বাসের পরিচালনায় ‘ঠিকানা বাংলাদেশ’ মুক্তির অপেক্ষায়। পাশাপাশি কিছুদিন আগে তার বলিউডে অভিষেক হয়েছে হিন্দি সিরিজ ‘জ্যাজ সিটি’–র মাধ্যমে।


