সম্পর্কে তারা বাবা-ছেলে, তবে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বী। সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে দুটি ভিন্ন দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবা ও ছেলে।
ওই আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা। অন্যদিকে তার ছেলে হোসাইন মোহাম্মদ মায়াজ মনোনয়নপত্র দেন জাতীয় পার্টির (রুহুল আমিন হাওলাদার গ্রুপ) মনোনীত প্রার্থী হিসেবে।
মনোনয়ন জমার শেষ দিন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। সোমবার বিকাল ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ নিজেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।


