দেশের ডিজিটাল অবকাঠামো আরও শক্তিশালী করতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প এবং সংশ্লিষ্ট ল্যান্ডিং স্টেশনের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি প্রকল্পের অগ্রগতি, কারিগরি সক্ষমতা, পরিচালন ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। পরে তিনি ল্যান্ডিং স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করতে সাবমেরিন ক্যাবল প্রকল্পের গুরুত্ব অপরিসীম। এসএমডব্লিউ-৬ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ ক্যাপাসিটি বাড়বে, যা পরোক্ষভাবে দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।’
তিনি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, তৃতীয় সাবমেরিন ক্যাবল এসএমডব্লিউ-৬ কক্সবাজার থেকে একদিকে সিঙ্গাপুর এবং অন্যদিকে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত হবে। এ কোর ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুর, ভারত, জিবুতি ও ফ্রান্সের স্বনামধন্য ডাটা সেন্টারের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।
পরিদর্শন শেষে ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস প্রাঙ্গণে একটি থাই লংগান গাছের চারা রোপণ করেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


