কক্সবাজারের পেকুয়ায় পুত্রবধূকে উত্যক্তের প্রতিবাদ করায় শ্বশুরকে ঢিল ছুড়ে ঘর থেকে বের করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হারুন মাতবরপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবু তাহের (৬৫) একই এলাকার মৃত আবদু ছত্তরের ছেলে।
নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার নুরুল হোসেনের ছেলে মোহাম্মদ শিফাত নিহতের পুত্রবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল।
ঘটনার রাতে শিফাতসহ কয়েকজন যুবক আবু তাহেরের বাড়ির সামনে এসে ঢিল ছুড়ে এবং অশালীন আচরণ করে। আবু তাহের এর প্রতিবাদ করতে বের হলে অভিযুক্তরা ধারালো কিরিচ দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পূর্ব বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


