কক্সবাজারে ছুরিকাঘাতে জুলাই আন্দোলনকারী নিহত

কক্সবাজারে ছুরিকাঘাতে জুলাই আন্দোলনকারী নিহত
Advertisement
Advertisement

কক্সবাজার সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকারী ও ছাত্রদল নেতা খোরশেদ আলম নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সৈকতের কাছে কবিতা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা নারী সমন্বয়ক তারিনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে ১০টার দিকে কবিতা চত্বর এলাকার সমুদ্র সৈকতে যান খোরশেদ আলম ও তারিন। ওই সময় অজ্ঞাত কয়েকজন খোরশেদ আলমের ওপর হামলা চালায়। হামলাকারীরা খোরশেদ আলমের পেটে ও বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে।

প্রত্যক্ষদর্শীদের মতে, গুরুতর আহত খোরশেদ আলমকে তার বন্ধু শাহ্ আলম ও সহপাঠীরা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে আনার সময়ও তিনি বেঁচে ছিলেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিহত খোরশেদ আলম কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ডের পাহাড়তলী ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা এবং ওই এলাকার শাহ্ আলমের ছেলে। তিনি কক্সবাজার শহরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। প্রত্যক্ষদর্শী ও তার ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিহত খোরশেদের সঙ্গে থাকা এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad