ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়েছে- শরীফ ওসমান হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর। তিনি যে সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা অবিস্মরণীয় হয়ে থাকবে। নির্বাচন কমিশন তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
কমিশন নিহতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার নেওয়া হয় সিঙ্গাপুরে।


