যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় বিকালে কড়া পুলিশি প্রহরার ভেতরেই প্রবাসী বাংলাদেশি কমিউনিটির দুই পক্ষের মধ্যে ওই অপ্রীতিকর ঘটনা ঘটে।
নিউইয়র্ক থেকে টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খানের পাঠানো ভিডিও ক্লিপের দেখা যায়, জাতিসংঘের অধিবেশনকে ঘিরে এর সদর দপ্তরের সামনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির আওয়ামী লীগ ও বিএনপির ব্যানারে উপস্থিত ছিলেন। এ সময় অনেকে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড বহন করছিলেন। 
ভিডিওতে দেখা যায়, এক পর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে একে অপরকে ধাক্কা দেন। এ সময় দুই পক্ষ হাতাহাতি এবং সংঘর্ষে জড়ান। সংঘর্ষে বেশ কয়েকজনকে প্ল্যাকার্ড দিয়ে প্রতিপক্ষকে আঘাত করতে দেখা গেছে। উভয় পক্ষের মধ্যে তুমুল হট্টগোল ও ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়।
এক পর্যায়ে নিউইয়র্ক পুলিশ বিভাগকে (এনওয়াইপিডি) তৎপর হয়ে দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দিতে দেখা যায়। শিগগিরই পুলিশ সদস্যরা ঘটনাস্থলের নিয়ন্ত্রণ নেন ও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
সংঘর্ষের ওই ঘটনার ভিডিও ক্লিপে এরই মধ্যে নেটিজেনরা এসে মন্তব্যের ঘরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন।
স্থানীয় সময় সোমবারই প্রধান উপদেষ্টার রাজনৈতিক সফরসঙ্গীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা আখতার হোসেনের ওপর ডিম ছুড়ে মারেন ও রাজনৈতিক নেতাদের হেনস্তা করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। 
ওই ঘটনায় দেশে-বিদেশের বিভিন্ন মহলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এনসিপি নেতা আখতার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও করেছেন।


